লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির পর দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। তবে ঘটনার দিন রাতেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে ফেলে যাওয়া অস্ত্র ও সরঞ্জাম ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৯০৭-এর ২ নম্বর উপপিলারের কাছে বাংলাদেশের অংশে কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের টহল দলের তিন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষক লিটন মিয়া জানান, বিএসএফ সদস্যদের দেশের ভূখণ্ডে প্রবেশের কারণ জানতে চাইলে তাঁরা তাঁকে মারধর করে মাটিতে ফেলে দেন। এ সময় তিনি এক বিএসএফ সদস্যের অস্ত্রের নলের দিকটা শক্ত করে ধরে ফেলেন। পরে তাঁর বাবা ও ভাই এগিয়ে এলে আশপাশের লোকজনও সেখানে জড়ো হন। অবস্থা বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাঁদের দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের অভ্যন্তরে চলে যান। পরে স্থানীয়রা সেগুলো উদ্ধার করে বিজিবির বনচৌকি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শরিফুল ইসলামের কাছে জমা দেন।
অপ্রীতিকর এই ঘটনার পর মঙ্গলবার রাতেই সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মনোজ কুমার। পেশাদারত্বের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে বিজিবি উদ্ধার হওয়া দুটি শর্টগান ও ওয়াকিটকি সেট বিএসএফের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের কৃষিকাজে হস্তক্ষেপ না করা, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হয়। বিএসএফের পক্ষ থেকেও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।








