পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। শনিবার (২২ আগস্ট) বিকেল তিনটার একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। ওমরাহ পালনের পাশাপাশি সেখানে একটি মোবাইল শোরুম উদ্বোধনেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার আগে নিজের অনুভূতি প্রকাশ করেন হিরো আলম। তিনি বলেন, ‘আল্লাহর ঘরের মেহমান হওয়ার ইচ্ছা আমার অনেক দিনের। এবার সেই সুযোগটি হচ্ছে, যা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। সুস্থভাবে যেন ওমরাহ পালন করে দেশে ফিরতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।’ এ সময় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সময় কাটানোর ইচ্ছার কথা জানান তিনি।
সফর শেষে দেশে ফিরেই আবারও নিজের নিয়মিত কাজ ও রাজনৈতিক ব্যস্ততায় ফিরবেন হিরো আলম। তিনি জানান, দেশে ফিরে তাঁর বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। উল্লেখ্য, দেশে ফেরার পর ঠাকুরগাঁও-১ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।











