সর্বশেষ

বন্ধুকে বিদায় জানাতে গিয়ে নিজেই চিরবিদায় নিলেন সৌদি প্রবাসী

7f4b0475d79ca48cc1a04192dcb259a254509f6c1efd2a78Web Popup (3)

বন্ধুকে লঞ্চে তুলে দিয়ে হাসিমুখে বিদায় জানিয়ে বাড়ির পথে ফিরছিলেন সৌদিপ্রবাসী মেহেদী হাসান শুভ (২৫)। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হলো না। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর বান্দরোড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা বন্ধু মো. আরিফ (২৫)।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বরিশাল নগরীর বেলস পার্কসংলগ্ন কেডিসি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান শুভ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের হেলাল প্যাদার ছেলে। আহত বন্ধু আরিফ একই গ্রামের গনি হাওলাদারের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Road

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু রাকিব খান জানান, এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে নিরাপদে পৌঁছে দিয়ে শুভ ও আরিফ দুটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁরা কেডিসি গলির মুখে পৌঁছালে শুভর মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয়। এর পরপরই মোটরসাইকেলটি সড়ক বিভাজকের লোহার পাইপে আছড়ে পড়ে। এতে শুভ ও আরিফ দুজনেই মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

শুভর বড় ভাই আল-আমিন আহাজারি করতে করতে বলেন, গত কয়েক বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিল শুভ। প্রায় পাঁচ মাস আগে সে দেশে ছুটিতে ফিরে এসে বাবার ব্যবসা দেখাশোনা করছিল। পরিবারের কেউ কখনো কল্পনাও করেননি যে দেশে ফিরে এভাবে অকালে প্রাণ হারাতে হবে তাঁকে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক তাঁর যানবাহনসহ পালিয়ে গেছেন। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এক বন্ধুকে বিদায় জানাতে গিয়ে নিজেই এভাবে চিরবিদায় নেওয়ায় শুভর পরিবার, স্বজন ও নিজ গ্রামে শোকের মাতম চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup