সৌদি আরবের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা এবং সেগুলো প্রতিরোধের ভিডিও বা ছবি ধারণের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয়েছে, ড্রোন বা মিসাইল প্রতিহতের দৃশ্য কিংবা এর ধ্বংসাবশেষ পড়ার স্থানের ছবি বা ভিডিও প্রচার করলে কঠোর আইনি শাস্তির মুখে পড়তে হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সতর্ক করতে আরবি ও ইংরেজির সাথে বাংলা ভাষাতেও এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর কথা বিবেচনা করে সতর্কবার্তায় বলা হয়েছে, এ ধরনের কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার পুরোপুরি বেআইনি। বাংলা ছাড়াও হিন্দি, উর্দু, ফিলিপিনো এবং ইন্দোনেশিয়ান ভাষায় প্রচার করা হয় বার্তাটি। মূল উদ্দেশ্য হলো, প্রবাসীরা যেন কৌতূহলবশত কোনো ছবি তুলে বা ভিডিও শেয়ার করে আইনি জটিলতায় জড়িয়ে না পড়েন।
হুথিদের সাথে উত্তেজনার জেরে বিভিন্ন সময় সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা ও সীমান্তবর্তী এলাকাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটছে। সাধারণ মানুষ অনেক সময়ই না বুঝে এসব দৃশ্য ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা শত্রুপক্ষকে অজান্তেই কৌশলগত তথ্য দিয়ে দিচ্ছে। এ কারণেই এমন কড়া বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।








