অত্যন্ত দক্ষ প্রবাসী কর্মীদের জন্য পরিবার নিয়ে যাওয়ার নিয়মে বড় ধরনের শিথিলতা এনেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এসব কর্মীর নিজেদের কাজের ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই তাঁরা পরিবারের যোগ্য সদস্যদের দেশটিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুগান্তকারী এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মূলত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে এবং তাঁদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতেই এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই নিয়মের আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাঁদের স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েকে সৌদি আরবে সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে নতুন এই নিয়মটি চালু করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো, দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ পেশাজীবীদের জন্য একটি সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা।
নতুন ব্যবস্থায়, অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীর ওয়ার্ক বা কাজের ভিসার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই তাঁর পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা (এন্ট্রি ভিসা) ইস্যু করা যাবে। তবে এর জন্য আবেদনের প্রয়োজনীয় সব শর্ত যথাযথভাবে পূরণ করতে হবে। অর্থাৎ, এখন থেকে পরিবারকে সৌদিতে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে কোনো কর্মীকে নিজের ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়া পর্যন্ত দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি মেনেই তাঁদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট (ইকামা) দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।








