সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামের এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। গত রোববার স্থানীয় সময় রাত দুইটার দিকে জেদ্দা থেকে মদিনায় যাওয়ার পথে মদিনা রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকার আবদুল মতলবের ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে গত বছরের ৩১ ডিসেম্বর তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এক আত্মীয়ের মাধ্যমে তাঁর মৃত্যুর দুঃসংবাদ পায় পরিবার। নিহতের ছেলে মোহাম্মদ সানিম জানান, তাঁর বাবা জেদ্দা থেকে মদিনার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে মদিনা রোডে তাঁদের গাড়িটিকে অন্য একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর বাবার মৃত্যু হয়।
শওকতের এমন অকালমৃত্যুর খবর দেশের বাড়িতে পৌঁছালে পুরো রশিদের পাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্বজনদের সান্ত্বনা দিতে প্রতিবেশীরা তাঁর বাড়িতে ভিড় করছেন, আর পরিবারের সদস্যদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম লিটন এই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।









