দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার গহনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ এই মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এর আগে গত ২৬ সেপ্টেম্বরও ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছিল বাজুস। সব মিলিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমল।
আরও
এদিকে স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে রুপার গহনার দামেও বড় ছাড় দিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।











