কাবায় মুষলধারে বৃষ্টির মধ্যেই মুসল্লিদের ইবাদতের দৃশ্য দেখা যাচ্ছে কয়েকদিন ধরেই। এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় মক্কা ছাড়াও দেশজুড়ে সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। বৈরী এই আবহাওয়ায় জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণকে উপত্যকা এবং আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্যা বা বৃষ্টির পানি জমে থাকা অঞ্চলে সাঁতার কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে, যা থেকে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু মক্কা নয়, মদিনা, জিজান, আসির এবং আল-বাহা অঞ্চলেও প্রায় একই রকম বৈরী আবহাওয়া ও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









