সর্বশেষ

সম্ভাব্য হামলার শঙ্কায় জেদ্দা, মক্কা ও তায়েফে জরুরি সতর্কতা

Mecca 6aa9167a230d3Web Popup (3)

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তিনটি প্রধান শহর জেদ্দা, মক্কা ও তায়েফে ‘সম্ভাব্য হামলার’ আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সরকার। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার বাসিন্দা ও অবস্থানরত প্রবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারি সব ধরনের সুরক্ষামূলক নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আকস্মিকভাবে এই সতর্কবার্তা দেওয়া হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়।

সৌদি আরবের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে দেশটির ‘জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বিশেষ বার্তা পাঠানো হয়। তবে ঠিক কী ধরনের হামলা হতে পারে বা সম্ভাব্য এই বিপদের সুনির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে সতর্কবার্তায় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অজানা এই বিপদের মুখে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

নিরাপত্তার স্বার্থে নাগরিকদের অবিলম্বে নিকটস্থ নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভবনের ভেতরের দিকের সুরক্ষিত কক্ষে আশ্রয় নিতে বলা হয়েছে এবং কাঁচের জানালা, খোলা বারান্দা বা ভবনের ছাদ সম্পূর্ণ এড়িয়ে চলতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই মুহূর্তে ঘরের বাইরে অবস্থান করছেন, তাদের কালক্ষেপণ না করে দ্রুত কোনো পাকা ভবন বা শক্ত কাঠামোর আড়ালে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে বলেছে কর্তৃপক্ষ।

সাধারণ পথচারীদের পাশাপাশি গাড়িচালকদের জন্যও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাস্তায় থাকা চালকদের সতর্কতা সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়ালসড়ক (ফ্লাইওভার) এবং বহুতল ভবন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি পার্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে এবং গুজবে কান না দিয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে শুধুমাত্র নির্ভরযোগ্য সরকারি গণমাধ্যমের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup