হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। বরং আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে হলেও এই বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চালু করা হবে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য নিশ্চিত করেন।

বিমানমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি চালু করতে দায়িত্বপ্রাপ্ত জাপানি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে আল্টিমেটাম দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর আংশিক চালুর পর ধাপে ধাপে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। এরপর আগামী বছরের মাঝামাঝি সময়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক এই টার্মিনালের সম্পূর্ণ দায়িত্ব বুঝে নেবে।
আরও
যাত্রীসেবা ও টার্মিনালের সক্ষমতা প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনালের পুরো কাজ সম্পন্ন হলে এখান থেকে অনায়াসেই ২০০ থেকে ২৫০টি উড়োজাহাজ হ্যান্ডেল করা সম্ভব হবে। এছাড়া যাত্রীদের সেবার মান বাড়াতে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে তাঁদের হাতে লাগেজ বুঝিয়ে দেওয়ার বিষয়টিতে কর্তৃপক্ষ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
টার্মিনালের আয়ের অংশীদারত্ব নিয়েও একটি ইতিবাচক তথ্য দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, তৃতীয় টার্মিনালের আয় থেকে বাংলাদেশের অংশীদারত্বের হার আগের ১৫ শতাংশ থেকে বাড়িয়ে এখন ২৭ শতাংশে উন্নীত করা হয়েছে। আধুনিক এই টার্মিনালটি পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।










