ফিলিপাইনের একটি গ্রামে দলবদ্ধভাবে স্থানীয় বাসিন্দাদের ইসলাম ধর্ম গ্রহণের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোলা মাঠে সমবেত হয়ে একদল নারী-পুরুষ একত্রে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত হতে দেখে নেটিজেনদের হৃদয় ছুয়ে গেছে।
এক্সে ‘রিভার্ট স্টোরিজ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় ওই গ্রামবাসীরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধর্মান্তরিত হওয়ার এই আনুষ্ঠানিকতা পালন করছেন। এ সময় তাঁরা প্রথমে আরবিতে এবং পরে নিজেদের মাতৃভাষায় সৃষ্টিকর্তার একত্ববাদ ও মহানবী (সা.)-এর রিসালাতের সাক্ষ্য দেন।
ক্যাথলিক খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আগে থেকেই উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে নতুন করে সাধারণ গ্রামবাসীদের এভাবে স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণের দৃশ্যটি নেটিজেনদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। অন্তর্জালে ছড়িয়ে পড়া দলবদ্ধ ধর্মান্তরের এই চিত্র বিশ্বজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।











