জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। নতুন এই হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ২৯ কিংবা ৩০ দিনের রোজা শেষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ মার্চ (বুধবার)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরীয় ক্যালেন্ডারে রমজান সাধারণত ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাব মতেই ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই তারাবির নামাজ শুরু হবে এবং পরদিন থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখবেন।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের মাধ্যমে রমজান ও ঈদের এই সম্ভাব্য তারিখ আগে থেকে অনুমান করা গেলেও এটিই চূড়ান্ত নয়। মূলত ইসলামি রীতি অনুযায়ী, রমজান মাস শুরু ও শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তাই সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও, চাঁদ দেখার ওপর নির্ভর করে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষই এর আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণা দেবে।











