Long Popup (2)
সর্বশেষ

আমিরাতে প্রবাসীদের ভিসা বাতিল নিয়ে যা জানাল দূতাবাস

ArabProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের রেসিডেন্সি ভিসা আকস্মিকভাবে বাতিল হওয়ার ঘটনায় তৈরি হওয়া উদ্বেগ নিরসনে কাজ শুরু করেছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ ছাড়াই প্রবাসীদের ভিসা বাতিল হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান ও সুরাহায় কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সোমবার (২৮ জুলাই) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব প্রবাসী বাংলাদেশি বর্তমানে ছুটিতে কিংবা অন্য কোনো প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থান করছেন, সম্প্রতি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তাঁদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। এতে করে আমিরাতে বসবাসকারী প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ শুরু করেছে দূতাবাস। এটি কোনো কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো বিশেষ কারণ, তা চিহ্নিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের আশ্বস্ত করে বলা হয়, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর এই বিষয়ে পূর্ণ অবগত রয়েছে এবং পরিস্থিতির নিয়মিত খোঁজখবর রাখছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়ার পরপরই তা প্রবাসীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিষয়ে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, দাপ্তরিক প্রতীক, জাতীয় পতাকা ও দূতাবাসের ই-মেইল আইডি ব্যবহার করে অসত্য তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে এসব বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়া, ভিত্তিহীন পোস্ট শেয়ার না করা এবং বাংলাদেশ ও আমিরাতের সব ধরনের আইন-কানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেবল অফিশিয়াল সূত্রের বরাতে প্রচারিত তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে আবুধাবি দূতাবাস।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate