সংযুক্ত আরব আমিরাতে পর্যটকদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ঘোষণা দিয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)। আকর্ষণীয় এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো, এর আওতায় কোনো স্পনসর বা আয়োজকের আমন্ত্রণ ছাড়াই পর্যটকেরা দুবাইসহ আরব আমিরাতের যেকোনো স্থানে একাধিকবার যাতায়াত করতে পারবেন। সংবাদমাধ্যম গালফ টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই ভিসা নীতিমালার অধীনে পর্যটকেরা প্রতিবার দেশটিতে প্রবেশের পর টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে কারও যদি আরও বেশি দিন থাকার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মেয়াদ আরও ৯০ দিন পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। অবশ্য জিডিআরএফএ-এর শর্ত অনুযায়ী, এই ভিসাধারীরা কোনোভাবেই এক বছরে দেশটিতে মোট ১৮০ দিনের বেশি অবস্থান করতে পারবেন না।
জিডিআরএফএ জানিয়েছে, বিশ্বের যেকোনো দেশের নাগরিকেরাই এই মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং অন্তত ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্টের কপি। এ ছাড়া আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেখানে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের স্থিতি থাকা আবশ্যক। এর পাশাপাশি বৈধ স্বাস্থ্যবিমার সনদ এবং আসা-যাওয়ার নিশ্চিত বিমান টিকিটও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।










