সৌদি আরবে প্রতারণা চক্রের সদস্যদের ধরতে গিয়ে নিরাপত্তা রক্ষীরা এমন এক গোপন আস্তানার সন্ধান পেয়েছেন, যা রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানায়। আলমারির ভেতর দিয়ে গোপন পথ, সেখান থেকে টয়লেট এবং এরপর আরেকটি গোপন ঘরে লুকিয়ে থাকা অবস্থায় এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই অভিযানের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সৌদি আরবের মক্কা নগরীতে সম্প্রতি এই অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তাবাহিনী। গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি ইন্দোনেশিয়ার নাগরিক। সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ সেবার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল চক্রটি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় অতর্কিত অভিযান চালায় নিরাপত্তা টহল দল। এ সময় ওই আস্তানা থেকে ল্যাপটপ, প্রিন্টার, জাল হজের অনুমতিপত্র, ভুয়া সিল ও জালিয়াতির কাজে ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুলিশের একটি চৌকস দল রাতের বেলা ওই ভবনে হানা দেয়। প্রথম ব্যক্তিকে গ্রেপ্তারের পর তারা পুরো অ্যাপার্টমেন্টে ব্যাপক তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তা একটি সাধারণ কাঠের আলমারির দরজা খোলেন। কিন্তু আলমারির ভেতর ঝোলানো কাপড়চোপড়ের পেছনে লুকিয়ে ছিল এক অবিশ্বাস্য গোপন পথ। সেই অন্ধকার পথ ধরে এগিয়ে যেতেই দেখা মেলে একটি শৌচাগারের। অবাক করার বিষয় হলো, ওই শৌচাগারের ভেতরে ছিল আরও একটি গোপন দরজা, যা দিয়ে সম্পূর্ণ ভিন্ন আরেকটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন নিরাপত্তা কর্মীরা। সেখানেই আত্মগোপন করে ছিলেন জালিয়াতির সঙ্গে জড়িত দ্বিতীয় ব্যক্তি। পুলিশ তাকে সেখান থেকেই হাতেনাতে গ্রেপ্তার করে।










