চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ফারুক হোসেন জীবিকার তাগিদে মাত্র ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। পরিবার চালানোর জন্য ৮ লাখ টাকা ঋণ নিয়ে তিনি দাম্মামে একটি কফিশপে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় দাম্মামের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফারুক।
মরহুম ফারুক হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের পাটওয়ারী বাড়ির বড় ছেলে। তার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও তিন সন্তানের মধ্যে ১৩ ও ৮ বছরের দুই মেয়ে ও ৫ বছরের এক ছেলে রয়েছে, যারা এখন অসহায় অবস্থায় রয়েছে।
নিহতের ভাই ইকবাল হোসেন পাটওয়ারী জানান, ফারুক সৌদি আরবে যাওয়ার আগে ৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে মাত্র দুই লাখ টাকা পরিশোধ করতে পেরেছিলেন। বাকী ছয় লাখ টাকার দায় এখন পরিবারকে মোকাবিলা করতে হবে, যা পরিবারকে ভীষণ চিন্তায় ফেলেছে।
আরও
হাজীগঞ্জ বড়কুল পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য আতিকুর রহমান জানান, সকাল ৭টার দিকে ফারুক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব বলেন, সৌদিতে থাকা ফারুকের ভাই ও ভগ্নিপতি মরদেহ দেশে আনার ব্যবস্থা করছেন।
মরহুম ফারুকের স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করা, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি দেশে ফিরলেন লাশ হয়ে। পরিবার এখন দিশাহারা এবং তার ঋণ ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছে।













