আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা সংস্থা। ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর—এই সময়ের মধ্যে দেশের কোনো এক বিমানবন্দর হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে কর্তৃপক্ষ।
এই হুমকির পরিপ্রেক্ষিতে সব বিমানবন্দরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দর, হেলিপ্যাড, ফ্লাইং স্কুল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ প্রতিটি স্থাপনায় তাৎক্ষণিকভাবে নজরদারি বাড়াতে হবে।
নিরাপত্তা কর্মীদেরকে বিমানবন্দরের টার্মিনাল, পার্কিং এলাকা এবং সীমানা সংলগ্ন ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়মিত টহলের নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরের বাইরের সুরক্ষাও জোরদার করার কথা বলা হয়েছে।
আরও
সব কার্গো ও মেইল লোড দেওয়ার আগে নিরাপত্তা যাচাই নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে যাত্রী, কর্মী এবং ঠিকাদারদের পরিচয় কঠোরভাবে যাচাই এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের পাশাপাশি, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপরও জোর দিয়েছে বিসিএএস।










