Long Popup (2)
সর্বশেষ

‘আল্লাহ কেন মোক নেয় না’, সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

AzizurProbashircityWebPopupUpdate

জীবনের পড়ন্ত বেলায় এসে যাঁদের সবচেয়ে বেশি যত্ন আর ভালোবাসা পাওয়ার কথা, সেই সন্তানদের কাছেই চরম অবহেলার শিকার হয়েছেন আশির্ধ্ব বয়সী আজিজুর রহমান। পক্ষাঘাতগ্রস্ত শরীর নিয়ে তাঁকে এখন দিন কাটাতে হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিসামত মালভাঙ্গা মৌজার চড়াইপট্টি এলাকায়, ওয়াপদা বাঁধের খাসজমির ওপর তোলা একটি ছোট্ট টিনের ঘরে। একসময় ধরলা নদীর ওপারে বসতভিটা থাকলেও নদীভাঙনে সব হারিয়ে সপরিবার বাঁধে আশ্রয় নিয়েছিলেন তিনি। কয়েক বছর আগে নদীতে ডুবে স্ত্রীর মৃত্যুর পর তাঁর জীবনের সংগ্রাম আরও কঠিন হয়ে ওঠে। বর্তমানে দুই ছেলে ঢাকায় এবং একমাত্র মেয়ে পাশেই স্বামীর বাড়িতে বসবাস করলেও অসহায় এই বাবার কোনো খোঁজখবর নেন না তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, আজিজুর রহমান আগে সুস্থ ছিলেন। তবে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর থেকেই ছেলেমেয়েরা তাঁকে একপ্রকার ছুড়ে ফেলেছে। কিছুদিন আগেও তিনি মেয়ের বাড়িতে থাকতেন, কিন্তু মেয়ে ও জামাতার আপত্তির কারণে সেখান থেকেও তাঁকে বিতাড়িত হতে হয়। এখন দুর্বল শরীর নিয়ে চরম কষ্টে বাঁধের রাস্তায় উঠে মানুষের কাছে হাত পেতে যা পান, তা দিয়েই কোনোমতে তাঁর দিন কাটে। ছলছল চোখে চরম আক্ষেপ নিয়ে অসহায় এই বৃদ্ধ বলেন, ‘আল্লাহ কেন মোক নেয় না! শুধু ভালো মানুষগুলা মরে। এতো কষ্ট আর ভালো লাগে না। ছেলেমেয়ে ঠিকমতো খোঁজ নেয় না, মাইনষে যে ভাত দেয়, তা খায়া বাঁচি আছি।’

সমাজসেবা অধিদপ্তর থেকে আজিজুর রহমানের নামে প্রতিবন্ধী ভাতা বরাদ্দ থাকলেও সেই টাকার নিয়ন্ত্রণ তাঁর হাতে নেই। স্থানীয়দের ধারণা, খোঁজখবর না রাখলেও পরিবারের কেউই হয়তো তাঁর ভাতার টাকা তুলে নিচ্ছেন। মোগলবাসা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু বক্কর সিদ্দিক এই অমানবিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় মেয়ের বাসায় থাকার পর তাঁকে বের করে দেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁর প্রতিবন্ধী ভাতার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। একসময়ের পরম যত্নে আগলে রাখা সন্তানদের এমন নিষ্ঠুর আচরণ ও অনীহা দেখে এলাকার সাধারণ মানুষও চরম হতাশা প্রকাশ করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate