জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক। নিহত যুবকের নাম মাফল। তিনি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে। রাজমিস্ত্রির কাজের কথা বলে দালাল চক্র তাকে রাশিয়ায় নিয়ে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। গতকাল রোববার তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র এক মাস ১২ দিন আগে ভাগ্য বদলের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মাফল। যে এজেন্সির মাধ্যমে তিনি বিদেশে গিয়েছিলেন, তারা তাকে নির্মাণশ্রমিক বা রাজমিস্ত্রি হিসেবে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাকে প্রতারণামূলকভাবে দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং সরাসরি ইউক্রেন সীমান্তের সম্মুখ সমরে পাঠিয়ে দেওয়া হয়। গত ২৯ মে থেকে পরিবারের সঙ্গে তাঁর সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ অপেক্ষার পর গতকাল পরিবারের সদস্যরা জানতে পারেন, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মাফল নিহত হয়েছেন।
![]](https://probashtime.net/wp-content/uploads/2026/06/unnamed-file.webp)
আরও
নিহত মাফলের চাচা আনিস ও ভাই আশরাফুল ইসলাম জানান, মাফল কোনোভাবেই যুদ্ধে যেতে চাননি। অনেক আকুতি-মিনতি করা সত্ত্বেও তাকে জোর করে সেনা ক্যাম্পে পাঠানো হয়। তাঁর বোন আছিয়ার দাবি, মাফলের সঙ্গে আরও প্রায় ৩০ জন বাংলাদেশিকে একই প্রক্রিয়ায় রাশিয়ায় নিয়ে সেনা ক্যাম্পে আটকে রাখা হয়েছে। দালাল চক্রের এই ভয়ংকর প্রতারণার শিকার হয়ে আর কোনো বাংলাদেশিকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়, সে জন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মাফলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হবে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশি বেতনের প্রলোভন দেখিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সাধারণ শ্রমিকদের নিয়ে গিয়ে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে জড়ানোর একাধিক অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। এবার সেই মানবপাচার ও প্রতারণার নির্মম শিকার হয়ে অকালে প্রাণ দিতে হলো বাংলাদেশের এক তরুণকে।








