সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিচয় নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে তারা কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা বলে খবর ছড়ালেও, টেকনাফের হ্নীলা এলাকার স্থানীয়দের দাবি—নিহতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত। তবে তাদের জাতীয়তা, পারিবারিক পরিচয় বা বাংলাদেশে স্থায়ী ঠিকানার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন বা পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তিনটি পরিবারের ১৩ সদস্যকে বহনকারী একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে সাতজনের মৃত্যু হয়। পরে মদিনার আল-হিমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। নিহতদের মধ্যে রয়েছেন আল আবীর কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ইয়াছের ও ইয়াজের এবং দুই মেয়ে বুশরাহ ও ইশরাহ। এছাড়া একই প্রতিষ্ঠানের ফর্কলিফটচালক মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী মুন্নী এবং সানজিদা আক্তার ও তার দুই মাস বয়সী কন্যাসন্তানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নিহতদের অনেকেরই জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। এদের মধ্যে জিয়াউর রহমান নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে প্রথমে পাকিস্তান এবং পরে সৌদি আরবে পাড়ি জমান। স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তিরা রোহিঙ্গা বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনেরা পরিচয় প্রকাশে অনীহা দেখাচ্ছেন। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি।
আরও
এদিকে নিহতদের বাড়ি চকরিয়ায়—এমন খবরের ভিত্তিতে স্থানীয়ভাবে ব্যাপক খোঁজখবর নিয়েছে প্রশাসন। তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এবং কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান জানিয়েছেন, নিহতদের প্রকৃত পরিচয় বা ঠিকানার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দূতাবাস থেকেও তাদের কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে প্রশাসন।








