সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ রিয়াল জরিমানা করা হয়েছে। নিজের গাড়ির পেছনে বুটের ভেতর লুকিয়ে বিপুল পরিমাণ এই পানি দেশের বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা পড়েন।
রিয়াদে অবস্থিত দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির দেওয়া রায়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস এই তথ্য নিশ্চিত করেছে। কাস্টমস কর্তৃপক্ষের মতে, সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী জমজমের পানি রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ। যথাযথ ঘোষণা ছাড়া গোপনে বিপুল পরিমাণ এই পবিত্র পানি সীমানা পার করার চেষ্টাকে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সমন্বিত শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ নম্বর ধারার আওতায় সরাসরি চোরাচালান বা পাচার হিসেবে গণ্য করা হয়েছে।
সরকারি কৌঁসুলিপক্ষ অভিযুক্ত ওই ব্যক্তিকে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিল। তবে কাস্টমস কমিটি কারাদণ্ডের সেই আবেদন নাকচ করে দিয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির আগে কোনো ধরনের অপরাধের রেকর্ড না থাকায় সমপরিমাণ মূল্যের এই আর্থিক জরিমানাই তার জন্য যথেষ্ট শাস্তি। জরিমানা আদায়ের পাশাপাশি জব্দ করা ৩৮০ লিটার পানি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।











