ওমানের সামাইল এলাকায় আল মাহা পেট্রোলিয়াম কোম্পানির একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্টেশনে থাকা একটি যাত্রীবাহী মিনিবাসে হঠাৎ আগুন ধরে গেলে তা দ্রুত পাশের ফুয়েল পাম্পে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও চারপাশ ঢেকে যাওয়া কালো ধোঁয়ায় সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বিপর্যয়ের ঘটনা ঘটেনি এবং এই ঘটনায় কেউ হতাহত হননি।
অগ্নিকাণ্ডের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, পাম্পের একেবারে গা ঘেঁষে থাকা সাদা রঙের একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে তীব্র কালো ধোঁয়া আকাশে উড়ছে। আগুনের ভয়াবহতায় পাম্পের ওই অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পাম্পের কার্যক্রম নিরাপদে পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই স্টেশনটি পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেছে আল মাহা কর্তৃপক্ষ। সেইসাথে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া ও সহযোগিতার জন্য উদ্ধারকারী দলগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে কোম্পানিটি।












