ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে সৃষ্ট দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য নিজেদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে কাতার। সোমবার (২০ এপ্রিল) কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কিউসিএএ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। সর্বোচ্চ স্তরের প্রস্তুতি, পরিচালনাগত দক্ষতা এবং সংশ্লিষ্ট জাতীয় সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে আকাশসীমা খুলে দেওয়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই ব্যাপক উত্তেজনার কারণে নিরাপত্তার স্বার্থে উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ওই রুটের সব ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করতে বাধ্য হয় এয়ারলাইনসগুলো। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান এভিয়েশন হাবগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইনস দোহায় তাদের ফ্লাইট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়। তবে কিউসিএএ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষামান বজায় রেখেই সব ফ্লাইট পুনরায় পরিচালনা করা হবে।
আরও
কাতার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রী ও এভিয়েশন কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর এই প্রক্রিয়াটি কয়েকটি ধাপে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু বিদেশি এয়ারলাইনস তাদের পরিষেবা শুরু করার সুযোগ পাবে। অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে ভ্রমণের আগে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ আপডেট বা তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আকাশসীমা উন্মুক্ত হওয়ার খবরে তৎপর হয়েছে দেশি-বিদেশি এয়ারলাইনসগুলো। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাতারের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ঢাকা-দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে তাঁরা কিউসিএএর কাছে চিঠি পাঠিয়েছেন এবং চলতি মাসের শেষের দিকে স্বল্প পরিসরে ফ্লাইট শুরুর প্রত্যাশা করছেন। অন্যদিকে, দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার কাতার স্টেশনের মার্কেটিং ও সেলস ম্যানেজার মং ম্যো ক্য জানান, আগামী ২৩ এপ্রিল থেকেই দোহা-ঢাকা রুটে তাঁরা ফ্লাইট পরিচালনার আশা করছেন। এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাতের বাজেট এয়ারলাইনস এয়ার অ্যারাবিয়া এক আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছে, আগামী ২২ এপ্রিল থেকে তারাও কাতার রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।











