উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ৬টি দেশকে যুক্ত করতে একটি যুগান্তকারী রেলওয়ে নেটওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছে ওমান এবং তার অপর পাঁচ প্রতিবেশী দেশ। প্রস্তাবিত প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ এই মেগা রেল নেটওয়ার্ক কুয়েত থেকে ওমান পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে আন্তঃদেশীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পণ্য ও যাত্রী পরিবহনে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে।
রোববার বাহরাইনের আল জহির প্রাসাদে অনুষ্ঠিত ৩০তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে জিসিসিভুক্ত দেশগুলোর পরিবহনমন্ত্রীরা দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তিতে সই করেন। বৈঠকে ওমানের প্রতিনিধিত্ব করেন দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী সাইদ বিন হামুদ আল মাওয়ালি। এই চুক্তির ফলে ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন ও কুয়েত একটি একক রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। চুক্তির বিষয়ে বাহরাইনের পরিবহনমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা বলেন, এটি আঞ্চলিক যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও ভ্রমণের নতুন দ্বার উন্মোচন করবে। তিনি এই মেগা প্রকল্পটিকে ‘উপসাগরীয় অঞ্চল এবং এর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় বিনিয়োগ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এক দশকেরও বেশি সময় আগে প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি ও কাঠামোগত ভিত্তি তৈরি করল রোববারের এই চুক্তি। বিশেষ করে ওমানের জন্য এই উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দেশটি বর্তমানে ২৩৮ কিলোমিটার দীর্ঘ আন্তঃসীমান্ত ‘হাফিত রেল’ প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। এই রেললাইনটি আল বুরাইমি ও আল আইনের মাধ্যমে ওমানের সোহার বন্দর ও শিল্পাঞ্চলকে আবুধাবির সঙ্গে যুক্ত করবে, যার পরীক্ষামূলক কার্যক্রম ২০২৭ সালে শুরু হওয়ার কথা রয়েছে।
আরও
জিসিসির এই মেগা রেল নেটওয়ার্ক বাস্তবায়নের পথে সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে তাদের জাতীয় রেলওয়ে নেটওয়ার্ক চালু করেছে। অন্যদিকে, আঞ্চলিক এই ব্যবস্থার সঙ্গে বাহরাইনের সংযুক্তি প্রস্তাবিত ‘কিং হামাদ কজওয়ে’-এর ওপর নির্ভর করছে, যা সড়ক ও রেলপথে দেশটিকে সৌদি আরবের সঙ্গে যুক্ত করবে। জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইউই জানিয়েছেন, একক রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে এই চুক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।









