দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা রাজকুমারী শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম নতুন বাগদানের ঘোষণা দিয়েছেন। তিনি জনপ্রিয় মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মনটানার (আসল নাম কারিম খারবুশ) সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি, টিএমজেড-এর বরাত দিয়ে জানিয়েছে, গত জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের ঘোষণা দেন ফ্রেঞ্চ মনটানা। এর আগে ২০২৪ সালের শেষদিকে বিভিন্ন সময়ে শেখা মাহরা ও ৪০ বছর বয়সী মনটানাকে একসঙ্গে দেখা যায়। দুবাই ও মরক্কো সফর, রেস্তোরাঁয় ডিনার এবং সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
তাদের একসঙ্গে ফ্যাশন ইভেন্টে অংশগ্রহণ বিষয়টিকে আরও স্পষ্ট করে। তবে এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন শেখা মাহরার আগের সংসার ভেঙে গেছে। ২০২৩ সালের মে মাসে তিনি শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন। ওই সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই দাম্পত্য সম্পর্কে ভাঙন দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর নিজের ব্র্যান্ড ‘মাহরা এম১’-এর অধীনে নতুন পারফিউম লাইন ‘ডিভোর্স’ বাজারে আনেন।
আরও
শেখা মাহরা যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন এবং মোহাম্মদ বিন রাশিদ স্কুল অব গভর্নমেন্ট থেকেও বিশেষ যোগ্যতা অর্জন করেন। অন্যদিকে, ফ্রেঞ্চ মনটানা বিশ্বব্যাপী পরিচিত ‘আনফরগেট্যাবল’ ও ‘নো স্টাইলিস্ট’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী। তিনি সঙ্গীতের পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে দাতব্য কার্যক্রমে যুক্ত আছেন।
এর আগে মনটানা ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুশের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম ক্রুজ খারবুশ এবং তার বয়স বর্তমানে ১৬ বছর।








![]hgjn](https://probashtime.net/wp-content/uploads/2026/08/hgjn.webp)



