সংসারের অভাব ঘোচাতে প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার জুলহাস মাল (৪০)। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন অপূর্ণ রেখেই রিয়াদে স্ট্রোক করে মারা গেছেন তিনি। গত ২১ নভেম্বর রিয়াদের রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত জুলহাস উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ইচাগুরা গ্রামের খালেক মালের ছেলে। মৃত্যুকালে তিনি বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং পাঁচ বছর ও সাড়ে তিন বছর বয়সী দুই মেয়ে রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই সৌদি আরবে অবস্থান করছিলেন জুলহাস।
স্বজনেরা জানান, জুলহাসের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু ঋণের বোঝা ও চরম আর্থিক অসচ্ছলতার কারণে এত টাকা জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এদিকে ছোট্ট দুই মেয়ের বাবাকে শেষবারের মতো দেখার আকুতি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
আরও
শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন জুলহাসের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুমার দাস জানান, মরদেহ দেশে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে অসহায় পরিবারটি।










