টানা দুই দিন বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। আজ বুধবার (২৫ নভেম্বর) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে টানা দুই দিনে দেশে সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন করে দর সমন্বয় করা হয়েছে। তবে এর মূল কারণ বিশ্ববাজারে সোনার দরপতন। সোনার দাম কমলেও আজ রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
নতুন দর অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
আরও
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা। সেই হিসাবে আজ ২২ ক্যারেটে প্রতি ভরিতে কমেছে ২ হাজার ৮৫৭ টাকা ৬৮ পয়সা, ২১ ক্যারেটে ২ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩২ টাকা ৮০ পয়সা এবং সনাতন পদ্ধতির সোনায় কমেছে ১ হাজার ৮৬৬ টাকা ২৪ পয়সা। উল্লেখ্য, এর আগে টানা ৯ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম দুই লাখ টাকার নিচে নেমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় দাঁড়িয়েছিল।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বাড়লেও গতকাল মঙ্গলবার থেকে তা আবার কমতে শুরু করেছে। নিউইয়র্ক সময় অনুযায়ী, মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৮০ শতাংশ বা ১০২ ডলার কমে ৩ হাজার ৫৫৫ ডলারে নেমে আসে। এর আগে টানা দরপতনে গত শুক্রবার প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছিল ৩ হাজার ৫০২ দশমিক ৯৩ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৯ শতাংশ কমেছে, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সম্প্রতি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরে সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে।










