জন্ম থেকেই তিনি দৃষ্টিহীন। এর মধ্যে দুবার জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার ও ছয়বার কেমোথেরাপি নিতে হয়েছে। এমনকি পক্ষাঘাতে শরীরের এক পাশ অবশও হয়ে যায়। এত বাধা ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও দমে যাননি তুরস্কের ৫৫ বছর বয়সী নারী ফাতেমা চেলিক। শিক্ষকের দেওয়া ক্যাসেটে অডিও শুনে টানা ১৭ বছরের অদম্য চেষ্টায় পুরো পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন তিনি।
তুরস্কের সংবাদমাধ্যম হাবেরতুর্কের প্রতিবেদনে জানা যায়, সাকারিয়া প্রদেশের আকইয়াজি জেলার বাসিন্দা ফাতেমা ২০০২ সালে স্থানীয় একটি কেন্দ্রে কোরআন হিফজ শুরু করেন। দৃষ্টিহীন হওয়ায় ব্রেইল পদ্ধতির বদলে রেকর্ড করা ক্যাসেট শুনেই তিনি মুখস্থ করা চালিয়ে যান। এই দীর্ঘ যাত্রায় ছয়টি টেপরেকর্ডার নষ্ট করেছেন তিনি। ক্যানসারের কঠিন চিকিৎসায় ভুগেছেন, এমনকি পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার মাত্র দুই মাস পরই ফের কোরআন শিক্ষাকেন্দ্রে যাওয়া শুরু করেন এই অদম্য নারী।
শত শারীরিক ও মানসিক বাধা পেরিয়ে অবশেষে ২০১৯ সালে কোরআন মুখস্থ সম্পন্ন করেন ফাতেমা। এখন প্রতিদিন ফজরের নামাজের পর মুখস্থ করা কোরআন পুনরাবৃত্তি বা তেলাওয়াত করেন তিনি। প্রাতিষ্ঠানিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাফেজ হিসেবে আনুষ্ঠানিক সনদ অর্জন করাই এখন এই অদম্য নারীর চূড়ান্ত লক্ষ্য।সূত্র: হাবেরতুর্ক









