যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা বন্ধে ওয়াশিংটনকে সাতটি কঠিন শর্ত বেঁধে দিয়েছে তেহরান। শান্তি আলোচনা শুরুর আগে এই শর্তগুলো মেনে নিয়ে যুক্তরাষ্ট্রকে একপ্রকার ‘আত্মসমর্পণ’ করারও আহ্বান জানিয়েছে দেশটি। শর্তগুলোর মধ্যে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা তহবিল ছাড় এবং সব রণাঙ্গনে সামরিক তৎপরতা বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শান্তি আলোচনা শুরুর আগে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি এই সাতটি শর্তের কথা জানিয়েছেন। শর্তগুলো হলো—
১. লেবাননসহ সব রণাঙ্গনে সামরিক ও শত্রুতামূলক তৎপরতা বন্ধ করা।
২. ইরানের জব্দ হওয়া কয়েক শ কোটি ডলারের তহবিল ছাড় দেওয়া।
৩. ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া।
৪. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করা।
৫. ‘বিপ্লববিরোধীদের’ সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সহযোগিতা বন্ধ করা।
৬. ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা পুরোপুরি বন্ধ করা।
৭. অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহসেন রেজায়ি সম্ভাব্য আলোচনা নিয়ে ‘ভুয়া খবর’ ছড়ানোর জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেন। যুক্তরাষ্ট্রকে ‘মরিয়া জুয়াড়ি’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই যুদ্ধ মার্কিন সরকারকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াশিংটনকে নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নেওয়ার এবং তেহরানের দেওয়া শর্তগুলো মেনে আত্মসমর্পণ করার কড়া আহ্বান জানান তিনি।
আরও


এদিকে, ইরানের এই ‘আত্মসমর্পণের’ আহ্বানে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন ওয়াশিংটন ডিসিতে থাকা আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হ্যালকেট। তিনি মনে করেন, এই শর্তগুলো প্রমাণ করে ইরান নিজেদের যুদ্ধে সুবিধাজনক অবস্থানে ভাবছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাব ও নীতি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘আত্মসমর্পণ’ শব্দটি শুনলেই ট্রাম্প চরম ক্ষুব্ধ হবেন এবং তিনি কোনোভাবেই এটি মেনে নেবেন না। ফলে দুই দেশের এমন পাল্টাপাল্টি অনড় অবস্থানের কারণে অদূর ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে আসছে।








