Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

সিরিয়া পুনর্গঠনে ৪০ কোটি ডলারের বেশি ঋণ দিচ্ছে সৌদি আরব, চুক্তি সই

ImageWeb Popup (3)

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছে। এর পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের বড় ধরনের উন্নয়নের জন্য ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি সহজ শর্তে ঋণ দিতে সম্মত হয়েছে সৌদি আরব। এক মাসেরও কম সময়ের মধ্যে রিয়াদে প্রেসিডেন্ট আল-শারার দ্বিতীয় সফরে গত বুধবার (৪ নভেম্বর) অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলো সম্পন্ন হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

চুক্তিগুলোর মধ্যে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার চুক্তিটিকে সবচেয়ে ‘উল্লেখযোগ্য’ বলে আখ্যা দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে চুক্তির বিস্তারিত শর্ত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর কয়েক দিন আগেই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ইঙ্গিত দিয়েছিলেন যে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার একটি যৌথ প্রতিরক্ষা জোটে (মক্কা জোট) যোগ দেওয়ার বিষয়টি সিরিয়া সরকার গভীরভাবে বিবেচনা করছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের এই বৈঠকে আল-শারা এবং যুবরাজ মোহাম্মদ বর্তমান আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক নৌচলাচল, জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেছেন। তারা লোহিত সাগর, বাব আল-মানদেব এবং হরমুজ প্রণালিতে সমুদ্রপথে চলাচলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের কড়া তাগিদ দিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি চুক্তির আওতায় ‘সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট’ সিরিয়াকে সহজ শর্তে ৪০ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেবে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র পুনর্নির্মাণে ১০ কোটি, আবাসন মেরামতে ৬ কোটি, বেসামরিক প্রতিরক্ষা জোরদারে ১০ কোটি ৫০ লাখ, আলেপ্পো থার্মাল বিদ্যুৎকেন্দ্র সংস্কারে ৯ কোটি এবং দামেস্ক ও ইদলিবে পানীয় জলের ব্যবস্থা উন্নয়নে ৩ কোটি ডলার দেওয়া হবে। এছাড়া শিল্প, কৃষি এবং পরিবেশ সুরক্ষার বিষয়েও দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু হওয়ায় এবং হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে হামলা চালানোয় রিয়াদ এখন সিরিয়াসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক সহায়তা চাইছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে আল-শারা সিরিয়ার ক্ষমতায় আসার পর থেকেই রিয়াদ তাকে জোরালোভাবে সমর্থন দিয়ে আসছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)