ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হুতি। সেখানে ব্যাপক অভিযান চালিয়ে সৌদি-সমর্থিত বাহিনীকে হটিয়ে দিয়েছে তারা। শনিবার (১২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরনগরী মোখা দখলের ফলে এখন থেকে লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণভাবে হুতিদের নিয়ন্ত্রণে চলে গেল। গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে কাদের জাহাজ চলাচল করবে, তা এখন থেকে তারাই নির্ধারণ করবে।
সংবাদমাধ্যম ইয়েমেন পোস্টের সাবেক সম্পাদক হাকিম আলমাসমারি আল-জাজিরাকে জানান, হুতিদের এই অভিযানের সময় সৌদি-সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা পালিয়ে গেছেন। যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে তাঁদের কোথাও দেখা যায়নি। অন্যদিকে হুতি কমান্ডাররা সাধারণ যোদ্ধাদের সঙ্গে একদম সামনে থেকে লড়াই করেছেন, যা তাদের একতা ও দৃঢ় সংকল্পের প্রমাণ দেয়। তিনি আরও বলেন, হুতিরা একটি একক ফ্রন্ট হিসেবে লড়াই করে। কিন্তু ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার আটটি ভিন্ন নেতৃত্বে বিভক্ত। ফলে তাদের বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বা সহযোগিতা আশা করা কঠিন।
হাকিম আলমাসমারি বলেন, সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিতে না পারার কারণেই সৌদি-সমর্থিত কমান্ডাররা হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এই অঞ্চল রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, হুতি নেতারা সমুদ্র তীরবর্তী পূর্ব উপকূলের সম্মুখ সমরে সরাসরি উপস্থিত ছিলেন, যা সৌদি-সমর্থিত কমান্ডারদের ক্ষেত্রে দেখা যায়নি। নেতারা যখন পাশে থাকবেন না, তখন সাধারণ সেনারা নিজেদের জীবন উৎসর্গ করবেন, এমনটা প্রত্যাশা করা যায় না।









