সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের দিকে ছোড়া হুতি মিলিশিয়াদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো অবস্থিত। এর মধ্যে অপরিশোধিত তেল রপ্তানির প্রধান স্থাপনা ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান শোধনাগার অন্যতম। গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি এসব প্রধান তেল স্থাপনায় হামলা বাড়িয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।
আরও
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে দেশটিতে হুতিদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৩ জনই প্রাণ হারিয়েছেন বিমানবন্দরে চালানো হামলায়। এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরের ভবনের কয়েকটি তলা হুতি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া চলতি মাসের শুরুতে আরেক হামলায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সূত্র: এএফপি।









