চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি গড়ে উঠলে মহাকাশচারীদের খাবারের চাহিদা মেটাতে এই গবেষণা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত এ গবেষণায় ‘মডক’ জাতের আলু চাষ করা হয়েছে। চাঁদের মাটির অনুরূপ কৃত্রিম উপাদানের সঙ্গে জৈব সার মিশিয়ে পরীক্ষাটি চালানো হয়। গবেষণায় দেখা গেছে, ওই কৃত্রিম মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মেশালে পৃথিবীর মাটির মতোই ফলন পাওয়া যায়।
বিজ্ঞানীরা জানান, চাঁদের মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ও প্রয়োজনীয় জৈব উপাদান নেই। এ কারণে সেখানে সরাসরি ফসল ফলানো সম্ভব নয়। তবে জৈব সার ব্যবহার করে আলু চাষের উপযোগী পরিবেশ তৈরি করা যেতে পারে।
আরও
গবেষণাটির নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী আইমেরিক গোয়ের বলেন, আলুতে প্রচুর শর্করা, ভিটামিন, খনিজ ও আঁশ রয়েছে। অল্প জায়গায় বেশি খাবার উৎপাদন করা যায় বলে ভবিষ্যতে চাঁদে অবস্থানকারী মহাকাশচারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য হয়ে উঠতে পারে।











