মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মিসরের এক খ্রিষ্টান যুবক। এক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনা মূল্যে ওমরাহ পালনের পুরস্কার জিতেছেন তিনি। তবে এই পুরস্কার তিনি নিজের জন্য রাখেননি, বরং মোনা বা ‘উম্মে আলী’ নামের ওই মুসলিম প্রতিবেশীকে উপহার দিয়েছেন মিনা নামের ওই যুবক।
স্কাই নিউজ আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা ড. আইমান আবু ওমরের একটি লাইভ স্ট্রিমে কোরআন কুইজ প্রতিযোগিতা চলছিল। মিনা দেখতে পান, তাঁর প্রতিবেশী উম্মে আলী ওমরাহ যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ওই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাঁর স্বপ্ন পূরণের আশায় মিনাও সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। উম্মে আলী কোনো কারণে জিততে না পারলেও মিনা যেন তাঁর হয়ে পুরস্কারটি নিশ্চিত করতে পারেন, সেই ভাবনা থেকে তিনি ৫০-৬০ বার সঠিক উত্তর জমা দেন। শেষ পর্যন্ত তাঁর এই কৌশল সফল হয়।
বিনা মূল্যে ওমরাহ যাত্রার সুযোগ পাওয়ার খবর শুনে আবেগে কেঁদে ফেলেন উম্মে আলী। মিনা জানান, শারীরিক সুস্থতা থাকতে ওমরাহ পালন করা তাঁর জীবনের অন্যতম বড় স্বপ্ন ছিল। গত ২০ বছরের বেশি সময় ধরে এই দুই পরিবারের মধ্যে গভীর সুসম্পর্ক রয়েছে। মিনাও উম্মে আলীকে নিজের বড় বোনের মতো শ্রদ্ধা করেন।
আরও
গালফ নিউজ জানিয়েছে, মিসরের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে থাকা গভীর সম্প্রীতি, সম্মান ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করছেন।











