সর্বশেষ

হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকধারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

GnhnProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হিলটন হোটেলের সিঁড়ির কাছে শার্টহীন এক যুবককে উপুড় করে মাটিতে চেপে ধরে রেখেছে নিরাপত্তা বাহিনী, দুই হাত তার পিঠমোড়া করে বাঁধা—এমনই এক চাঞ্চল্যকর ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, এই যুবকই হলেন সেই কথিত বন্দুকধারী, যে শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে (ডব্লিউএইচসিডি) ভয়াবহ তাণ্ডব চালানোর চেষ্টা করেছিল। ট্রাম্প কেবল ছবিই প্রকাশ করেননি, সেই সঙ্গে ওই যুবকের সিকিউরিটি চেকপয়েন্ট দিয়ে দৌড়ে পালানোর একটি ভিডিও প্রকাশ করে পুরো ঘটনাকে জনসমক্ষে নিয়ে এসেছেন।

হামলাকারীর পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম কোল টমাস অ্যালেন, যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। শনিবার রাতে জাঁকজমকপূর্ণ এই নৈশভোজ যখন মধ্যগগনে এবং প্রেসিডেন্ট ট্রাম্প মঞ্চে উপস্থিত ছিলেন, ঠিক তখনই হোটেলের বলরুমের বাইরের স্ক্রিনিং এলাকায় হঠাৎ গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দ পাওয়ামাত্রই সিকিউরিটি সার্ভিস ট্রাম্পকে দ্রুত স্টেজ থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়। হুলস্থুল পরিস্থিতিতে উপস্থিত অতিথিরা প্রাণভয়ে টেবিলের নিচে আশ্রয় নেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও নিরাপত্তাকর্মীরা দ্রুত পজিশন নিয়ে হামলাকারীকে হোটেলের প্রবেশপথেই আটকে দিতে সক্ষম হন।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, ওই যুবকের কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে রীতিমতো চার্জ করে সিকিউরিটি চেকপয়েন্ট পার হতে চেয়েছিল। ধস্তাধস্তির একপর্যায়ে সিকিউরিটি সার্ভিসের একজন অফিসার গুলিবিদ্ধ হন। তবে ট্রাম্পের ভাষ্যমতে, বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কারণে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন এবং বর্তমানে আশঙ্কামুক্ত আছেন ওই অফিসার। ট্রাম্প নিজে ওই অফিসারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। হামলাকারীকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন ওই যুবকের ক্যালিফোর্নিয়ার অ্যাপার্টমেন্টে নিবিড় তল্লাশি চালাচ্ছে।

এই নজিরবিহীন হামলার পর ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, কোল টমাসের বিরুদ্ধে ফেডারেল অফিসারকে মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত এবং সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হচ্ছে। আগামী সোমবার তাঁকে আদালতে তোলা হবে। পিরো স্পষ্ট করে বলেছেন, চেকপয়েন্টে ধরা না পড়লে ওই ব্যক্তি হোটেলের ভেতরে ঢুকে অপূরণীয় ক্ষতি করে ফেলত। ঘটনার পর হোটেলের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করে বাইরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুরো ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে তাঁরা আরও বড় ও ভালো কোনো আয়োজনের মাধ্যমে এই পরিস্থিতির জবাব দেবেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate