সিরাজগঞ্জ পৌর শহরে প্রিয় মানুষের মান-অভিমান ভাঙাতে ব্যতিক্রমী এক ব্যানার টাঙিয়ে আলোচনায় এসেছেন এক যুবক। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের সবুজ কানন হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে ব্যানারটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে কে বা কারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, তা এখনো জানা যায়নি।
ব্যানারের লেখা অনুযায়ী, নিজেকে ‘গরু’ ও প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে ক্ষমা চেয়েছেন ওই প্রেমিক। প্রেমের এমন বিচিত্র প্রকাশ পুরো বিষয়টিতে হাস্যরসের খোরাক জুগিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। ঘটনাটি নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে ইতিবাচকভাবে দেখছেন; তাঁদের মতে, ভালোবাসায় অভিমান ও ভুল–বোঝাবুঝি থাকবে এবং সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে—এটাই সম্পর্কের সৌন্দর্য।
আবার অনেকে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলছেন, ব্যক্তিগত বিষয় এভাবে জনসমক্ষে না আসাই ভালো; প্রেম-ভালোবাসা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তবে ভিন্নধর্মী এই ব্যানারটি দিনভর শহরের তরুণ প্রজন্মের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।










