গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন হচ্ছে না। জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও তালা ঝুলতে দেখা গেছে। জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাতে এসে ভোগান্তিতে পড়া গ্রাহক জাবেদ জানান, সকাল থেকে ঘুরেও কোথাও টাকা লেনদেন করতে পারছেন না; দোকানে গেলে সার্ভার বন্ধ বা টাকা না থাকার কথা বলা হচ্ছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, গত বুধবার রাত থেকেই তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও সুনির্দিষ্ট তথ্য পাননি; উল্টো আজ দুপুরে মুঠোফোনে বার্তা পেয়েছেন যে তাঁর অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রয়োজনীয় সব টাকা বিকাশে থাকায় তিনি চরম সমস্যায় পড়েছেন।
ক্ষুদ্র ব্যবসায়ী সাজ্জাদ জানান, প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল হওয়ায় এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় তাঁরা টাকা ক্যাশ আউট করতে পারছেন না। কিছু সচল নম্বর দিয়ে কোনোমতে কাজ চালাচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক বলেন, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবার সেবা চালু হতে পারে।
আরও
হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ গ্রাহক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত বিকাশ ও নগদের স্বাভাবিক কার্যক্রম চালু এবং অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।










