সর্বশেষ

ভোর থেকে বোমাতঙ্ক, পরে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

6a7fef6be82f4Web Popup (3)

ভোরবেলা থেকে মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে যুক্ত বোমাসদৃশ কয়েকটি বস্তু দেখে স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, কোর্ট মোড় এবং ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনের এলাকা থেকে রহস্যময় ওই বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে জানিয়েছে, এগুলো কোনো বিস্ফোরক নয়, বরং স্রেফ সাউন্ডবক্স। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে একটি বক্স আকৃতির বস্তু ঝুলতে দেখেন পথচারীরা। মুহূর্তের মধ্যেই ওই এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে সদর থানা–পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অত্যন্ত সতর্কতার সঙ্গে স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে প্রথমে পানিবর্তি একটি বালতিতে রাখা হয়। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করে খুলে দেখা যায়, সেটি আসলে একটি সাউন্ডবক্স। এরপর শহরের কোর্ট মোড় ও সামসুজ্জোহা পার্ক এলাকা থেকেও একই ধরনের আরও দুটি বস্তু উদ্ধারের খবর আসে এবং পুলিশ গিয়ে কোর্ট মোড়ের বস্তুটিও নামিয়ে আনে।

অন্যদিকে পথচারীরা জানান, সকাল সোয়া নয়টার দিকে সামসুজ্জোহা পার্কের সামনের বক্সটি থেকে হঠাৎ করেই বঙ্গবন্ধুর ভাষণ বাজতে শুরু করে। পরে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে বক্সটি উদ্ধার করে। শহরের তিনটি স্থান থেকে উদ্ধার হওয়া বস্তুগুলো বর্তমানে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উদ্ধার হওয়া বস্তুগুলো কোনো বিস্ফোরক নয়। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে জনমনে ভীতি তৈরি করতে শহরের বিভিন্ন স্থানে এসব সাউন্ডবক্স ঝুলিয়ে রেখেছিল, পুলিশ তা নিবিড়ভাবে তদন্ত করে দেখছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup