মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ গ্রামবাসী ও ওই কৃষকের স্বজনেরা সীমান্তের শূন্যরেখার কাছ থেকে দুই ভারতীয় নাগরিককে আটকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ইছাখালী সীমান্তে পাল্টাপাল্টি আটকের এই ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আবদুল মান্নান (৬০) ১২৪/৩-এস নম্বর সীমান্ত পিলারের কাছের জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাঁকে আটক করে নিজেদের সীমানায় নিয়ে যায়। আবদুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা সীমান্তের কাছাকাছি ঘোরাফেরা করা দুই ভারতীয় নাগরিককে দেখতে পেয়ে আটকে রাখেন এবং পরে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন। আটক দুই ভারতীয় হলেন নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের শচীন দাস (৬৫) ও শ্রী নরতন বিশ্বাস (৩৫)।
আরও


ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, এ বিষয়ে আজ বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। বৈঠকের মাধ্যমেই বাংলাদেশি নাগরিক আবদুল মান্নানকে দেশে ফিরিয়ে আনার এবং আটক দুই ভারতীয়কে ফেরত দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করতে এবং নিজ দেশের সীমানার মধ্যে থেকেই সতর্কতার সঙ্গে কৃষিকাজ পরিচালনার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সূত্রগুলো বলছে, পাল্টাপাল্টি আটকের এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বিজিবির হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।










