চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের সোনাসহ এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা তাঁকে আটক করেন। আটক ওই যাত্রীর নাম থামিম আনসারি।
সিআইআইডি সূত্রে জানা যায়, আজ সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি৯-৫২৬) চট্টগ্রামে আসেন ওই ভারতীয় নাগরিক। বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাঁকে শনাক্ত করে। পরে তাঁর শরীর তল্লাশি করে অন্তর্বাসের ভেতর ক্যাপসুল আকৃতিতে লুকানো ওই স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
প্রাথমিক হিসাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুর ওজন ৪৫৫ গ্রাম। তবে প্যাকিং বাদ দিয়ে প্রকৃত সোনার পরিমাণ ও বিশুদ্ধতা যাচাইয়ের জন্য বর্তমানে স্বর্ণকারের সহায়তা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ব্যবহার করে চোরাচালান ঠেকাতে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিআইআইডি।










