সাম্প্রতিক সময়ে চীনা যুবক ও মধ্যবয়সী ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের বিয়ের ঘটনা বেশ আলোচনায় আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই দুই দেশের নাগরিকদের মধ্যে এমন বিয়ের খবর পাওয়া যাচ্ছে। উদ্ভূত এই পরিস্থিতিতে বাংলাদেশে এসে স্থানীয় তরুণীদের বিয়ের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে চীন। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস তাদের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এই সতর্কবার্তা জারি করে। এতে স্পষ্ট করে বলা হয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে কোনো বাংলাদেশিকে বিয়ে করলে দেশে ফেরার পর তাঁদের মানব পাচারের দায়ে গ্রেপ্তার করা হতে পারে।
চীনা দূতাবাসের দেওয়া সতর্কবার্তায় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইনে বিয়ের মাধ্যম বা ‘ম্যাচমেকিং’ সংস্থাগুলোর চটকদার বিজ্ঞাপনে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে বিয়ের এই তৎপরতাকে দূতাবাস সরাসরি ‘বিয়ে কেনা’ হিসেবে অভিহিত করেছে।
সতর্কবার্তায় দূতাবাস আরও জানিয়েছে, আন্তসীমান্ত বিয়ের নামে অনেক চীনা নাগরিক ইতিমধ্যে প্রতারণায় জড়িয়ে পড়েছেন বলে তারা জানতে পেরেছে। তাই বাংলাদেশে এসে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব যারা দিচ্ছে, তাদের বিষয়েও দূতাবাসকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের প্রতারণামূলক বিয়ের ফাঁদে পা দিলে সহজেই মানব পাচার, অপহরণ, হুমকি, আইনি জটিলতা এবং মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে তারা। যাঁরা ইতিমধ্যে এমন প্রতারণার শিকার হয়েছেন, তাঁদের দ্রুত পুলিশকে বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।










