Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর বাড়িতে চুরি, তিনজনের মাথার চুল কেটে দিল জনতা

Robbery at expatriate's house, mob cuts off three people's hairProbashircityWebPopupUpdate

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় তিন যুবককে গ্রামবাসী ধরে তাদের মাথার চুল কেটে শাস্তি দিয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মীরাকান্দা গ্রামে ঘটে। চুল কাটার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ৩ মিনিট ৫১ সেকেন্ড। পরে স্থানীয়রা ওই চোরদের থানায় হস্তান্তর করে।

আটক হওয়া চোরদের মধ্যে আছেন, ফুলসুতি গ্রামের মো. আকাশ (২৬), সলিথা গ্রামের বরকত মোল্যা (২৯) ও খোরশেদ মাতুব্বরের ছেলে এনামুল মিয়া (২২)। ভিডিওতে দেখা যায়, তাদের পিঠ মোড়া করে বেঁধে এক ব্যক্তি কেচি দিয়ে চুল কেটে দিচ্ছেন। পাশেই কয়েকজন গ্রামের মুরব্বি চেয়ারে বসে বিষয়টি দেখছিলেন এবং শতাধিক সাধারণ মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাতের দিকে সৌদি প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে ৫-৭ জন যুবক ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুটে নেয়। জুয়েলের স্ত্রী তামান্না বেগম জানিয়েছেন, চোরেরা দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে ভয় দেখিয়ে সম্পদ লুটে নিয়েছিল। তবে গ্রামবাসী চোরদের শনাক্ত করতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, চুরির পরদিন রুবেল মাতুব্বর থানায় লিখিত অভিযোগ করেন এবং নিজেরাই চোর ধরার চেষ্টা করেন। সোমবার রাতে গাংজগদিয়া গ্রাম থেকে বরকতকে ধরে আনা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী এনামুল ও আকাশকেও গ্রামবাসী আটক করেন। পরে মঙ্গলবার সকালে উত্তেজিত জনতা তাদের চুল কেটে শাস্তি দেয়। অভিযোগ রয়েছে, এই তিনজন যুবক মাদকাসক্ত এবং পূর্বেও চুরির ঘটনায় গ্রামে পরিচিত ছিলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, চুরির ঘটনায় গ্রামবাসী তাদের থানায় হস্তান্তর করেছে এবং মামলাও হয়েছে। চোরদের আদালতের মাধ্যমে যথাযথ শাস্তি দেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate