দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসীবিরোধী বিক্ষোভ ও ধরপাকড়ের জেরে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন। আজ শনিবার (১৩ জুন) এক বিশেষ বার্তার মাধ্যমে সবাইকে নিজেদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে অবৈধ বিদেশিদের জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে স্থানীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এর মধ্যেই গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে ৯ জন এবং গত দুদিনে আরও অন্তত ২০ জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ও ফেরত পাঠানোর ঘটনায় নতুন করে উদ্বেগ বেড়েছে।
হাইকমিশন সতর্ক করে জানিয়েছে, এই ধরনের অবৈধ অভিবাসনের কারণে বৈশ্বিকভাবে বাংলাদেশের পাসপোর্টের মান ক্ষুণ্ন হচ্ছে এবং অন্যান্য দেশের ভিসা পাওয়াও দিন দিন কঠিন হয়ে পড়ছে। তাই প্রবাসে বসবাস ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে সবাইকে অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়া কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও
চলমান এই সহিংস পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ হাইকমিশন। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের সার্বক্ষণিক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখারও আহ্বান জানানো হয়েছে।











