জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে তিনি এ কথা বলেন।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা ও প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাঁকে হয় হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। অপরাধীদের জন্য এক ধরনের নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন; তাই প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অস্বস্তিতে রয়েছে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, তাঁকে নিয়ে ভারত সরকারও এখন বিপদে ও অস্বস্তিতে আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা এমন পাগলামি করছেন যে ভারতকেও এখন তা হজম করতে হচ্ছে। বাড়িতে কাউকে আমন্ত্রণ জানানোর পর তিনি যদি সেখানে ঢুকে পাগলামি ও উল্টাপাল্টা কথাবার্তা শুরু করেন, তবে তাঁকে বেরও করা যায় না, আবার সহ্যও করতে হয়—বিষয়টি এখন এমনই একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।
আরও
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক পাগল আছে। তবে বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং সব গুরুত্বপূর্ণ আলোচনা হবে দুই দেশের সরকারের মধ্যে।










