সর্বশেষ

সরকারিভাবে ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

Image 353614Web Popup (3)

সরকারিভাবে ব্রুনাই দারুসসালামে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দেশটির ১৯টি কোম্পানিতে বিভিন্ন পদে মোট ৩৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোয়েসেল গত ২২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েব পোর্টালের (https://www.oep.gov.bd/job-circulars) মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ১৯টি কোম্পানিতে নির্মাণশ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামারশ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে। বেশির ভাগ পদে দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার। পদভেদে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ প্রার্থীরা নিয়োগে বিশেষ অগ্রাধিকার পেতে পারেন।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের সঙ্গে দুই বছরের নবায়নযোগ্য শ্রম চুক্তি হবে। প্রতিদিন আট ঘণ্টা কর্মঘণ্টার পাশাপাশি ওভারটাইম, চিকিৎসা, বিমা ও ছুটিসহ অন্যান্য সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। কর্মীদের বিমানভাড়া ও আবাসনের খরচ বহন করবে নিয়োগদাতা কোম্পানি; তবে খাবারের খরচ নিজেকেই বহন করতে হবে।

অনলাইনে আবেদনের সময় অফেরতযোগ্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার (‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে) মূল কপিসহ জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল পরীক্ষার খরচ কর্মীকে বহন করতে হবে।

নিয়োগপ্রক্রিয়ায় প্রতারণা এড়াতে বিশেষ সতর্কবার্তা দিয়ে বোয়েসেল জানিয়েছে, সাক্ষাৎকারের সময়সূচি ও নির্বাচিত প্রার্থীদের তালিকা শুধু বোয়েসেলের ওয়েবসাইটের (boesl.gov.bd) নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে এবং BOESL পোর্টাল অথবা ০১৫৫২১৪৬৪৫৬ নম্বর থেকে এসএমএস পাঠানো হবে। সংস্থাটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না এবং দেশের কোথাও তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা কার্যালয় নেই। তাই নিয়োগের নামে কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত জরুরি প্রয়োজনে ০১৭৬৫-৪১১৬৫৩ নম্বরে অথবা ওইপি হটলাইন ০৯৬১৮৮৮৪২৭১-এ যোগাযোগ করা যাবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)