ওমানের জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে টানা চার দিনের ছুটি। শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২৫ ও ২৬ নভেম্বর সরকারি ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই লম্বা অবকাশ পাচ্ছেন নাগরিক ও প্রবাসীরা। উৎসবমুখর এই ছুটির দিনগুলোতে দেশটির আবহাওয়া বেশ মনোরম থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
পূর্বাভাসে জানানো হয়েছে, ২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ওমানজুড়ে আবহাওয়া মূলত স্থিতিশীল থাকবে। দিনের বেলা তাপমাত্রা সহনীয় থাকলেও সন্ধ্যায় এবং পাহাড়ি এলাকাগুলোতে শীতের আমেজ বাড়বে। তবে আকাশে মেঘ জমে পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। ফলে ভ্রমণ ও ঘোরাঘুরির জন্য এই সময়টা বেশ উপযোগী থাকবে।
এদিকে সরকারি ছুটির দিনে কর্মীদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ওমান শ্রমিক ফেডারেশন। ছুটির দিনে কাজ না করলেও কর্মীরা পুরো বেতন পাবেন। আর জরুরি প্রয়োজনে কাউকে ছুটির দিনে কাজ করাতে হলে আগেই লিখিত নোটিশ দিয়ে কর্মীর সম্মতি নিতে হবে। সে ক্ষেত্রে নিয়মিত বেতনের পাশাপাশি দৈনিক মূল বেতনের শতভাগ অতিরিক্ত ভাতা অথবা এর বদলে অন্য একদিন ছুটি দিতে বাধ্য থাকবে প্রতিষ্ঠান।











