সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির উদ্দিন (৩৫) নামের এক চানাচুর বিক্রেতা। তাঁর সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রির সময় ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগটি খুলে ভেতরে অন্য জিনিসপত্রের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার পান তিনি। পরে মালিকের সন্ধান পেয়ে রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে ব্যাগটি সজল তালুকদারের হাতে তুলে দেন।
সজল তালুকদার জানান, রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই শিশুসন্তান। কাজ শেষে রিকশায় করে আলফাত স্কয়ার হয়ে বাসায় ফিরে তাঁরা বুঝতে পারেন, স্ত্রীর হাতের ব্যাগটি হারিয়ে গেছে। এরপর দুই বন্ধুকে নিয়ে থানায় বিষয়টি জানান এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে হতাশ হয়ে বাসায় ফিরে যান সজল। এদিকে সজলের বন্ধুদের বহনকারী রিকশার চালক আবু সাইদ তাঁদের কথোপকথন শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে সেটির মালিককে খুঁজছেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন সজলের বন্ধুরা।
আরও
আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ পাশেই ছিলেন। ভেতরে স্বর্ণালংকার দেখে তিনি ভয় পেয়ে যান এবং নিরাপত্তার কথা ভেবে ছেলেকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে দেন। কারণ, এর আগে তাঁর চানাচুরের দোকানে তিনবার চুরি হয়েছিল।
শহরের পশ্চিমবাজার এলাকার একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে বসবাস করেন আমির উদ্দিন। নিজের কোনো ঘরবাড়ি না থাকলেও অভাব-অনটনের মধ্যে অন্যের সম্পদের প্রতি লোভ না করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’
আমির উদ্দিনের সততার প্রশংসা করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সজল তালুকদারের সঙ্গে লোক পাঠিয়ে ব্যাগটির খোঁজ করে। পরে আমির উদ্দিন স্বর্ণালংকারসহ ব্যাগটি নিয়ে থানায় আসেন। তাঁর সততার কারণেই ব্যাগটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে।
আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সজল তালুকদার বলেন, তাঁরা তিনজন মিলে প্রায় চার ঘণ্টা ব্যাগটি খুঁজেছেন। আমির উদ্দিন প্রথমে টাকা নিতে চাননি; পরে কৃতজ্ঞতাস্বরূপ জোর করে তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেওয়া হয়েছে।









