সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজীব (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। গত রোববার সৌদি আরবের স্থানীয় সময় দুপুরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত সজীব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তরুণের এই আকস্মিক মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সজীব। সেখানে তিনি জুবাইল শহরে কাজ করতেন। রোববার দুপুরে ওই এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সৌদি আরবে কর্মরত সজীবের বন্ধু আল আমিন মুঠোফোনের মাধ্যমে দেশে থাকা স্বজনদের এই মর্মান্তিক সংবাদটি নিশ্চিত করেন।
নিহত সজীবের চাচা আবুল কাশেম জানান, সজীবই ছিলেন পুরো পরিবারের একমাত্র ভরসা। তিনি দ্রুত ভাতিজার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে স্থানীয় শশীদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, রোববার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তাঁর মরদেহ দ্রুত দেশে আনতে আমরা ইতিমধ্যে এলাকার সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।
আরও
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, নিহত প্রবাসীর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পরবর্তী আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সহজ করতে ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারটির প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা হয়েছে।








