সর্বশেষ

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি

Saudi 20260928Web Popup (3)

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের অধিকার সুরক্ষা ও কল্যাণের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। কনস্যুলেট জানিয়েছে, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে তারা সর্বদা পাশে রয়েছে, তবে নিরাপদ প্রবাসজীবনের স্বার্থে স্থানীয় আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলা প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব বা এক্সে (সাবেক টুইটার) স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় প্রচার, প্রকাশ, সংরক্ষণ কিংবা আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। এমনকি এ ধরনের কোনো পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার করাও মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হতে পারে। পাশাপাশি, কর্মস্থলে যোগদানের সময় বা অন্য কোনো প্রয়োজনে পুরোপুরি না বুঝে কোনো চুক্তিনামা বা সাদা কাগজে স্বাক্ষর অথবা আঙুলের ছাপ দেওয়ার ক্ষেত্রেও প্রবাসীদের কঠোর সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

আইনি ফাঁদ থেকে বাঁচতে নিজেদের ইকামার (বসবাসের অনুমতিপত্র) অপব্যবহার রোধেও কড়া নির্দেশনা দিয়েছে কনস্যুলেট। নিজের ইকামা ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, কফিল (নিয়োগকর্তা) বা প্রতিষ্ঠানের নামে মোবাইল সিম, যানবাহন কিংবা কোনো সম্পদ কেনাবেচা বা নিবন্ধন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া এক অঞ্চলের বা প্রতিষ্ঠানের ইকামা দিয়ে অন্যত্র কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা স্ক্র্যাপ সংগ্রহ করে বিক্রি করা, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা বা অবৈধভাবে পানি বিক্রির মতো সন্দেহজনক ও দণ্ডনীয় কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন এবং চাকরির ভুয়া প্রলোভন ও প্রতারণা থেকে দূরে থাকতেও বলা হয়েছে।

কনস্যুলেট মনে করে, প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ তাঁদের জন্য একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করবে। এর মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তিও অক্ষুণ্ন থাকবে। নির্দেশনাবলি যথাযথভাবে পালনের মধ্য দিয়ে এই উদ্যোগ সফল করতে সকল প্রবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup