স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দরের বিস্তারিত জানানো হয়। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় নেমেছে।
স্বর্ণের নতুন দাম নির্ধারণের পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণের অলংকারের নকশা বা ডিজাইনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া পুরোনো অলংকার পরিবর্তন (এক্সচেঞ্জ) বা ক্রয়ের (পারচেজ) ক্ষেত্রে অলংকারের মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে যথাক্রমে ১২ ও ১৮ শতাংশ অর্থ কেটে রাখার নিয়ম কার্যকর থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।











